
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই এলাকায় অপরিশোধিত তরল বর্জ্য পরিবেশে নির্গমনের মাধ্যমে দূষণ সৃষ্টির দায়ে চারটি অবৈধ কারখানাকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার তামাই নতুন পূর্বপাড়া এলাকায় অবস্থিত গোলাম হোসেন ডাইংকে ৫০ হাজার টাকা, সাদিয়া কালার হাউসকে ৫০ হাজার টাকা এবং নাঈম টেক্সটাইলকে (লাকী হাজী) ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তামাই উত্তরপাড়া এলাকার পান্নু মুন্সী ডাইংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। চারটি কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের দায়ে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানে কারখানাগুলোকে বর্জ্য পরিশোধনের জন্য বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন করে পরিবেশ দূষণ রোধের মাধ্যমে উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট কারখানাগুলোর বিরুদ্ধে পুনরায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম।
এ সময় বেলকুচি থানার একদল পুলিশ সদস্য ও আনসার সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।