
ন্যাশনাল ডেস্ক।
জামালপুরের মাদারগঞ্জে ফ্রিজে পচা মাংস সংরক্ষণ করে তা ভালো মাংসের সঙ্গে মিশিয়ে বিক্রি করার দায়ে তারেক তাজু নামের এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দোকান থেকে প্রায় এক মণ পচা মাংস জব্দ করে তা মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মাদারগঞ্জ পৌরশহরের জোনাইল বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মঞ্জুরুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, জোনাইল বাজারের মাংস ব্যবসায়ী তারেক তাজু দীর্ঘদিন ধরে ফ্রিজে বাসি ও পচা মাংস জমিয়ে রাখছিলেন। প্রতিদিন তা তাজা মাংসের সঙ্গে মিশিয়ে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও ওই দোকানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তার ফ্রিজ থেকে প্রায় ৪০ কেজি পচা মাংস উদ্ধার করা হয়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ স্বীকার করায় মাংস ব্যবসায়ী তারেক তাজুকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে জব্দকৃত দুর্গন্ধযুক্ত মাংসগুলো তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনের উপস্থিতিতে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।
প্রধানমন্ত্রী দুর্নীতিকে প্রশ্রয় দেন না, কখনো দিবেন না: বরকত উল্লাহ বুলু
অভিযান শেষে রাসেল দিও গণমাধ্যমকে বলেন, ‘জনস্বাস্থ্য রক্ষায় এবং খাদ্যে ভেজাল ও অনিয়ম রোধে প্রশাসনের এই ধরনের তদারকি অত্যন্ত জরুরি। সাধারণ মানুষকে প্রতারিত করে পচা মাংস বিক্রি করার অপরাধে এই জরিমানা করা হয়েছে।’
জনস্বার্থে মাদারগঞ্জ উপজেলার প্রতিটি বাজারে এ ধরনের অভিযান আগামীতেও নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।