সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক প্রবীণ সাংবাদিক মরহুম আব্দুল কুদ্দুসের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমা শহরের মালশাপাড়া কবরস্থান মসজিদে নামাজে জানাযা শেষে সেখানেই তার দাফনকার্য সম্পন্ন হয়।
সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মো. শরিফুর হায়দার রফিক সরকার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক হাজী আব্দুস সাত্তার ও হাজী জুড়ান আলী, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চৌধুরী জগলু, প্রেসক্লাবের সভাপতি হারুন-অর-রশিদ খান হাসানসহ, বিভিন্ন সামাজিক, পেশাজীবি, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সহকর্মী সাংবাদিকবৃন্দ জানাযায় অংশগ্রহণ করেন।
এর আগে শুক্রবার ভোররাতে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থ নিজ বাসায় মৃত্যুবরণ করেন সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি এক মেয়ে ও নাতি, ভাই, ভাতিজা-ভাতিজিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক আব্দুল কুদ্দুস এক মাসেরও বেশি সময় ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে নিজ বাসাতে শয্যাসায়ী ছিলেন।

তিনি ১৭ আগষ্ট হৃদরোগে আক্রান্ত হয়ে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে বেশ কিছুদিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকেন। কিছুটা সুস্থ্য হলে তাকে হাসপাতাল থেকে বাসায় আনা হয়। এক মাস ৮ দিন বাসায় শয্যাসায়ী থাকার পর শুক্রবার ভোরে মারা যান।
মরহুম আব্দুল কুদ্দস দৈনিক সংবাদ পত্রিকার বার্তা পরিবেশক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। আমৃত্যু তিনি একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।







