
মো.আজিজুল হাকিম,পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন ও প্রফিট বোনাস পরিশোধের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে আন্দোলন অব্যাহত রয়েছে। রবিবার সকাল ১১টায় শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ব্যানারে বড়পুকুরিয়া কয়লা খনির ভেতরে এই কর্মসূচি পালিত হয়। এ সময় শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত বকেয়া পাওনা পরিশোধের জোর দাবি জানান।
এর আগে গত বৃহস্পতিবার একই দাবিতে কয়লা খনির প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন শ্রমিক-কর্মচারীরা। রবিবার একই দাবিতে তারা খনির ভেতরে কর্মসূচি পালন করেন।
বড়পুকুরিয়া কয়লা খনি দৃশ্য শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সিনিয়র সভাপতি রবিউল ইসলাম বলেন, “শ্রমিকরা নিয়মিত তাদের দায়িত্ব পালন করে আসছেন, অথচ বকেয়া বেতন ও প্রফিট বোনাস নিয়ে তালবাহানা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে পাওনা পরিশোধ করতে হবে। যৌক্তিক দাবি আদায় না হলে রাজপথ ছাড়া হবে না এবং আন্দোলন আরও কঠোর করা হবে।”
তিনি আরও বলেন, ট্রেনিং সেন্টারে অনেকে প্রশাসনিক কাজের কথা বলে বসে থেকে বেতন নিচ্ছেন, অথচ ঘাম ঝরানো শ্রমিকরা বকেয়া নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। আউটসোর্সিং, এক্সএমসি-সিএমসি কিংবা জিএনসি—কোনো শ্রমিককেই চাকরিচ্যুত করা যাবে না। এছাড়া প্রফিট বোনাস সকল শ্রমিককে সমানভাবে প্রদান করতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম বলেন, “শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি সমাধান না করলে শ্রমিকদের সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আন্দোলন কমিটির সদস্য সচিব আশরাফুল ইসলামসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।