
পোরশা(নওগাঁ )প্রতিনিধি
‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
রোববার সকালে উপজেলা মিলনায়তনে দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এমপি। বক্তব্যে তিনি বলেন, আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন, নিজস্ব অধিকার রক্ষা এবং তাদের হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রাকিবুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি ধীরেন লড়াকু, পোরশা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সূফি শাহ্, উপজেলার নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা আদিবাসী সম্প্রদায়ের ভাষা, কালচার ও নিজস্ব ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি তাদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।