
সোহেল খান দূর্জয়,নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণা পৌরসভায় সরকারি উন্নয়ন প্রকল্পে ব্যয় সাশ্রয়, স্বচ্ছতা ও জবাবদিহিতার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এনপিআইডিপি প্রকল্পের চারটি প্যাকেজের কাজ থেকে সাশ্রয় হওয়া ১ কোটি ৩৩ লাখ ২৬ হাজার টাকা দিয়ে পৌর এলাকার বিভিন্ন স্থানে ছয়টি নতুন আরসিসি সড়ক নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে আরও ৫৯ লাখ ২৬ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পৌরসভা।
পৌরসভা সূত্রে জানা যায়, বিভিন্ন প্রকল্পে কাজের মান ও পরিমাপে কোনো ছাড় না দিয়েই ব্যয় সাশ্রয় করা হয়। সাশ্রয়ী অর্থে প্রায় ১ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের নতুন আরসিসি সড়ক নির্মাণ করা হয়েছে। এর মধ্যে মোক্তারপাড়া, চন্দ্রনাথ স্কুল থেকে পাসপোর্ট অফিস, পশ্চিম সাতপাই এবং ডিসি বাংলোর পেছনের সড়ক উল্লেখযোগ্য।
এ ছাড়া এনপিআইডিপির আরও চারটি প্রকল্প থেকে সাশ্রয় হওয়া ৫৯ লাখ ২৬ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে মিফতাহুল উলুম মাদ্রাসা সড়ক, হাটখোলা ড্রেন, বাহির চাপড়া সড়ক এবং উকিলপাড়া ড্রেন প্রকল্প অন্তর্ভুক্ত।
সদ্য বিদায়ী পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার বলেন, সরকারি অর্থের প্রতিটি টাকার জবাবদিহিতা নিশ্চিত করাই ছিল তাঁদের লক্ষ্য। কাজের মান বজায় রেখেই ব্যয় সাশ্রয় করা হয়েছে এবং সেই অর্থ জনগণের কল্যাণে পুনরায় বিনিয়োগ করা হয়েছে।
পৌরবাসীর মতে, একই বরাদ্দের অর্থ থেকে সাশ্রয় করে নতুন উন্নয়ন কাজ বাস্তবায়ন এবং অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার এই উদ্যোগ সরকারি অর্থের কার্যকর ব্যবহারের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।