
শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি
“শিক্ষা, সেবায় গড়ব দেশ, মাদকমুক্ত পরিবেশ; কৌতূহলে মাদক নিলে, জীবন হবে অর্থহীন। পরিবারে নেমে আসবে দুর্দশা সীমাহীন। মাদক ছেড়ে মাঠে আসুন, সুন্দর জীবন গড়ুন”—এ স্লোগানকে সামনে রেখে মাদকবিরোধী প্রচারণায় চুয়াডাঙ্গার ‘তিতুদহ সমাজ কল্যাণ সংস্থা’ (TSWO)-র উদ্যোগে শনিবার (২৫ জুলাই)বিকাল ৩ সময় তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আত্মপ্রকাশ ও সামাজিক কার্যক্রম আয়োজন করা হয়। এতে গ্রামের সমস্ত পেশাজীবী মানুষ উপস্থিত হয়ে “মাদককে না বলুন” স্লোগানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে মাদক বিরোধী র্যালি, ফুটবল টুর্নামেন্ট, বৃক্ষরোপণ কর্মসূচি এবং অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ফুড প্যাকেজ বিতরণ আয়োজন করা হয়। তিতুদহ সমাজ কল্যাণ সংস্থা (TSWO) সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ্-র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জনাব মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মনিরুজ্জামান। স্থানীয় যুবক ও সামাজিক ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।
খেলার আমন্ত্রিত বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, বরং একটি পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে এখনই তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং যুব সমাজকে খেলাধুলা, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্য বোধের চর্চায় উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রকার কর্মসুচী গ্রহন ও বাস্তবায়নে সরকারের পাশাপাশি স্থানীযদের এগিয়ে আসতে হবে। একই সাথে যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে।
বক্তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদক, নৈতিক অবক্ষয় ও নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়াচর্চা শুধু শারীরিক ও মানসিক বিকাশই ঘটায় না, বরং সামাজিক বন্ধনকেও আরও সুদৃঢ় করে। তিতুদহ ইউনিয়নকে মাদকমুক্ত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমাদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করতে হবে।”মনে রাখবেন, সমাজকে মাদকমুক্ত করতে না পারলে আমরা কেউ শান্তিতে বসবাস করতে পারব না।
মানুষকে সচেতন করতে তিতুদহ সমাজ কল্যাণ সংস্থা (TSWO) এমন খেলাধুলার আয়োজন খুবই ভালো উদ্যোগ। এ ধরনের উদ্যোগে আমরা পাশে থাকব।”অনুষ্ঠান শেষে স্থানীয় অসহায় ও হতদরিদ্র পরিবারগুলোর হাতে ফুড প্যাকেজ তুলে দেওয়া হয় এবং পরিবেশ রক্ষায় চারা রোপণ করা হয়। সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত করেন মোঃ সোহেল রানা।