
নলডাঙ্গা( নাটোর )প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হালতি বিলে মাদকবিরোধী ও অবৈধ মাছ শিকারবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৩টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন,সিংড়ার বারোইহাটি গ্রামের মো. মোসলেমের ছেলে মো. সেলিম (৪০) ও খোরশেদ আলমের ছেলে মো. সেন্টু প্রামাণিক (৩০)। তাদের প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। একই এলাকার আসাদুজ্জামানের ছেলে মো. মিল্লাত (১৯) ও আফজাল হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (২৫) এবং মো. শফিকুল ইসলামের ছেলে মো. স্বাধীন (১৯)-কে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারায় অবৈধ মাছ শিকারের দায়ে দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়। বড়বারইহাটি গ্রামের ফেলু প্রামাণিকের ছেলে মো. মহসিন (৬০)-কে ৯ হাজার টাকা এবং ঢাকঢোল গ্রামের মৃত আসিরের ছেলে মো. চান্দু (৫৪)-কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫-এর ১৯ ধারায় নগরমাঝগ্রাম গ্রামের আফজালের ছেলে মো. সোহান (২১)-কে ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে মোট ৩৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। পাশাপাশি দুটি নৌকা জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, নলডাঙ্গা থানার পুলিশ সদস্য, আনসার সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন ও উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ জানায়, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ এবং পোনা মাছ নিধন রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান জনস্বার্থে নিয়মিতভাবে অব্যাহত থাকবে।