
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি পরিচয়ে প্রাইভেট কার থামিয়ে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত (১ সেপ্টেম্বর) মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার চরঘাটিনা এলাকায় থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান।
গ্রেপ্তার মাহমুদুল হাসান সোহাগ (৩৫) উপজেলার নেওরগাছা পুরাতনপাড়ার আলী আশরাফ ওরফে ঝন্টুর ছেলে।
ওসি মেহেদী হাসান বলেন, উল্লাপাড়ার চার ব্যক্তি শাহজাদপুর থেকে প্রাইভেট কারে বাড়ি ফিরছিলেন। পথে সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কের জংলীপুর জোড়া ব্রিজের কাছে পৌঁছলে কয়েকটি মোটরসাইকেলে থাকা ১৫ থেকে ১৬ যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে প্রাইভেট কারটি থামান।
এরপর তারা প্রাইভেট কারে থাকা যাত্রীদের জিম্মি করে চরঘাটিনা এলাকায় ফাঁকা স্থানে নিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় যাত্রীদের একজন কৌশলে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে ঘটনাটি জানান।
ওসি মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অন্যরা পালিয়ে গেলেও সোহাগকে আটক ও তার মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নতুন পাইকপাড়ার সোলায়মান হোসেন মামলা করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।