
নলডাঙ্গা( নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় হালতি বিলে মাছ ধরার সময় নৌকা থেকে পানিতে পড়ে শহিদুল ইসলাম সধু (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট ) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে নলডাঙ্গা থানাধীন পিপরুল ইউনিয়নের আওতাধীন হালতি বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম সধু নাটোরের সিংড়া উপজেলার বড় বারইহাটি গ্রামের মো. হবিবুর রহমান হবি’র ছেলে। তার পৈতৃক ঠিকানা নলডাঙ্গা উপজেলার বামনগ্রাম, ডাকঘর করেরগ্রাম এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম সধু ও তার বাবা নিয়মিত গভীর রাতে নিজস্ব নৌকায় করে হালতি বিলে মাছ ধরতে যেতেন। মঙ্গলবার সকালে মাছ ধরার সময় অসাবধানতাবশত বাবার সামনেই নৌকা থেকে পানিতে পড়ে যান শহিদুল। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
নলডাঙ্গা থানা তদন্ত কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, খবর পেয়ে নলডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে। এসআই মো. হাসান মাহমুদের নেতৃত্বে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।