
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে দুই মাস ধরে বন্ধ থাকা ট্রাফিক ব্যবস্থা পূণ:চালুর দাবি জানিয়েছেন পরিবহণ মালিক ও শ্রমিকরা।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড় এলাকায় মানববন্ধনে এমন দাবি করেন পরিবহণ মালিক-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, সিরাজগঞ্জের মহাসড়ক অত্যান্ত গুরুত্বপূর্ণ। প্রায় ২২ জেলার গাড়ী চলাচল করে এই রুট দিয়ে। দীর্ঘদিন ধরে মহাসড়কে কোন ট্রাফিক পুলিশকে দেখা যাচ্ছে না। ট্রাফিক পুলিশ না থাকায় সড়কে কোন শৃঙ্খলা নেই, অবাধে চলাচল করছে অনুমোদনহীন অবৈধ যানবাহন। যার ফলে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। একটি গাড়ী বিকল হয়ে গেলে মহাসড়ক থেকে সেটি খুব সহজে অপসারণ করা যায় না।
মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে অবিলম্বে ট্রাফিক ব্যবস্থা পূণ চালুর দাবি জানান বক্তারা।
মানববন্ধনে জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি মুন্সী জাহেদ আলম, ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাবসহ বিভিন্ন পরিবহণের শ্রমিক ও মালিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, গত জুলাই মাস থেকে সিরাজগঞ্জের মহাসড়কগুলোর দায়িত্ব থেকে ট্রাফিক পুলিশকে অপসারণ করা হয়েছে। এরপর থেকে থ্রি-হুইলারসহ বিভিন্ন অনুমোদনহীন যানবাহন অবাধে চলাচল করছে। নিয়মিত দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ।
সিরাজগঞ্জের মহাসড়ক থেকে ট্রাফিক পুলিশ উঠিয়ে নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, এটা হাইওয়ে পুলিশ বলতে পারবে।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশ (বগুড়া রিজিওন) এর পুলিশ সুপার বলেন, আমি নতুন এসেছি। মহাসড়কে ট্রাফিক পুলিশ না থাকার কারণটা আমার জানা নেই।