
ন্যাশনাল ডেস্ক
জাতীয় নির্বাচনের মাত্র আট মাস পর আবারও ভোটের মুখোমুখি ঠাকুরগাঁও-১ আসনের ভোটাররা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শূন্য হওয়া ঠাকুরগাঁও সদর, ভুল্লি ও রুহিয়া নিয়ে গঠিত এ আসনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শুরু হয়েছে উপনির্বাচনের ভোটগ্রহণ।
সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। বিএনপি, জামায়াতসহ মোট পাঁচজন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপনির্বাচন উপলক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে শেষ হয়েছে প্রার্থীদের সব ধরনের প্রচার-প্রচারণা।
এদিকে উপনির্বাচন কেন্দ্র করে ভোটকেন্দ্রগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, উপনির্বাচন নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এ সেল থেকে ভোটকেন্দ্র, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটগ্রহণের ব্যবস্থাপনা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
এর আগে, গত ২০ আগস্ট ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে ২৫৫ ভোটে পরাজিত করে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতেই আজ বৃহস্পতিবার আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।