সিরাজগঞ্জের কাজিপুরে গোয়াল ঘরে গরু তুলতে গিয়ে বিষধর সাপের কামড়ে মমতা খাতুন (৪৬) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চলে খাসরাজবাড়ি ইউনিয়নের রাজবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মমতা খাতুন ওই গ্রামের মৃত আবু সাইদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির গোয়াল ঘরে গরু তুলতে যান মমতা। এ সময় গোয়ালে বৈদ্যুতিক সুইচ দিতে গেলে বিষধর সাপ তার পায়ে কামড় দেয়।
এরপর পরিবারের লোকজন তাকে দ্রুত স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। সেখান থেকে রাতেই তাকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার দিকে মারা যান মমতা।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল জানান, রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও পথে তার মৃত্যু হয়।







