
হাবিবুর রহমান ডিমলা ,(নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধায় ডিমলা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর কবির প্রিন্সের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত এসব সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির যে অভিযোগ উঠেছে, তার প্রতিবাদেই এই মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর যেকোনো তৎপরতা প্রতিরোধে নিজেদের অবস্থানের কথা জানান।