
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘শিক্ষাই শক্তি, মেধাই গৌরব’ প্রতিপাদ্যে শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টায় সফাত আলী সিনিয়র মাদ্রাসায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লন্ডনপ্রবাসী মাহমুদুল হাসান রুমনের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যকে উৎসাহিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফল অর্জনের আহ্বান জানানো হয়। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, শিক্ষার্থীদের সাফল্য শুধু তাদের পরিবার নয়, পুরো এলাকার জন্য গর্বের বিষয়। তাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
বিশিষ্ট শিক্ষানুরাগী খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজ উদ্দিন। আহমেদ সায়মন ও রুজেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, এখন টিভির জেলা প্রতিনিধি এম এ হামিদ, উলুআইল ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মুফতি মাওলানা মুজাহিদ আলীন আজমী ও কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনজুর আহমেদ মান্না।
আলোচনা সভা শেষে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করা হয়।