
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী বড়ই বাড়ী জামে মসজিদের ১৩ সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে মুসল্লি ও এলাকাবাসীর উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মসজিদের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান।
সভায় বিস্তারিত আলোচনা ও মতবিনিময় শেষে সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা আব্দুর রউফ আকন্দ নোমানী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. কামরুল ইসলাম (বিএসসি) মাস্টার।
উল্লেখ্য, ১৮৫০ সালে প্রতিষ্ঠিত বড়ই বাড়ী জামে মসজিদটি দীর্ঘদিন ধরে এলাকার ধর্মীয় ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভূমিকা রেখে আসছে। মসজিদটি প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর মরহুম বরোমদী মোড়লের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে এলাকাবাসী জানান। তাঁর বেয়াই মাওলানা হাবিব উল্লাহ আকন্দ ছিলেন ফারসি ভাষার পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তি। তাঁদের শিক্ষা, ধর্মীয় অনুরাগ ও সমাজসেবার ঐতিহ্য আজও এলাকাবাসীর কাছে স্মরণীয়।
দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী মসজিদটির বর্তমানে চতুর্থ দফায় সংস্কার ও উন্নয়নকাজ চলছে। তবে ফ্লোর, গ্লাস, রং করাসহ বেশ কিছু কাজ এখনো বাকি রয়েছে।
নবগঠিত কমিটি মসজিদের অবশিষ্ট সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেবে বলে জানিয়েছে। এ জন্য মুসল্লি, এলাকাবাসী, প্রবাসী ও সামর্থ্যবান ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।
নতুন কমিটির মাধ্যমে মসজিদের ধর্মীয়, সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম আরও সুন্দর, সুশৃঙ্খল ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন মুসল্লি ও এলাকাবাসী।
সভা শেষে নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩ সদস্যকে অভিনন্দন জানানো হয় এবং মসজিদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে তাঁদের সফলতা কামনা করা হয়।