
অনলাইন ডেস্ক
বলিউড অভিনেতা সাইফ আলি খানের হারিয়ে যাওয়া ‘ঘি’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েক সপ্তাহ ধরে নানা হাসি-ঠাট্টা চলছে। অবশেষে সেই ঘি পাওয়ার খবর সামনে আসার পরও থামছে না নেটিজেনদের রসিকতা। বরং এই আলোচনা বন্ধ করতে গিয়ে নিজেই হাসির খোরাক হয়ে উঠেছেন এই অভিনেতা।
এই ঘটনার সূত্রপাত হয়েছিল কৌন বনেগা ক্রোড়পতি ১৮ এর মঞ্চে। সেখানে সাইফ জানিয়েছিলেন, অনুষ্ঠানে জেতা গোবর্ধন ঘির দুই বছরের সরবরাহ তিনি এখনো হাতে পাননি। এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিম ও রসিকতার হিড়িক পড়ে যায়। এমনকি তার ঘি খুঁজে বের করার জন্য তৈরি হয় একটি বিশেষ ফ্যান অ্যাকাউন্টও।
সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সাইফ। তবে প্রশ্ন নেওয়ার আগেই ঘি নিয়ে আলোচনা করতে নিষেধ করেন তিনি। ক্যামেরার সামনে সাইফ বলেন, ঠিক আছে বন্ধুরা, শুরু করা যাক। তবে তার আগে একটা কথা, আমরা গোবর্ধন ঘি নিয়ে কোনো কথা বলব না। ঠিক আছে?
কিন্তু অভিনেতার এই অনুরোধে কর্ণপাত করেননি ভক্তরা। মন্তব্যের ঘরে ঘি নিয়ে একের পর এক প্রশ্ন আসতে থাকে। কেউ জানতে চান, সেই গৌরবশালী ভান্ডার অবশেষে তার কাছে পৌঁছেছে কি না। জবাবে সাইফ বলেন, না ভাই, আগেই বলেছি, চলো মজার ও ভালো কিছু নিয়ে কথা বলি। ভালো ভালো প্রশ্ন করো। আমাকে যেকোনো কিছু জিজ্ঞেস করতে পারো।
এক ভক্ত রসিকতা করে বলেন, বিনা মূল্যে ঘি পাওয়ার জন্যই নাকি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন সাইফ। হাসতে হাসতে অভিনেতা তখন জবাব দেন, আমি জানি, তোমরা ভাবছ আমি সে কারণেই এসেছি। কিন্তু না ভাই, আমি নিজেই এসেছি। এরপরও ঘি নিয়ে রসিকতা চলতে থাকায় শেষ পর্যন্ত হাল ছেড়ে দেন সাইফ। মজার ছলে তিনি বলেন, ওহ মাই গড! তোমরা এই ঘি নিয়ে ভীষণ মেতে আছ। এবার এটা বন্ধ হওয়া দরকার, ঠিক আছে?
ভিডিওটির পেছনের দিকে রাখা ছিল বেশ কয়েকটি বড় ঘির পাত্র। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, এই সেই মুহূর্ত, যার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম, আজীবনের সরবরাহ! ফলে ভক্তদের ধারণা, অবশেষে সাইফ তার পুরস্কারের ঘি হাতে পেয়েছেন। ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে যোগ দেন ভক্ত ও বিনোদনজগতের পরিচিত মুখেরাও।
সনি লিভের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এটিকে গৌরবশালী মুহূর্ত বলে উল্লেখ করা হয়। সংগীতশিল্পী যশরাজ মুখাতে লেখেন, ঘি রিফিল। অভিনেত্রী অঞ্জলি দিনেশ আনন্দ ইনস্টাগ্রামে সাইফের সাবলীল উপস্থিতির প্রশংসা করে লেখেন, উনি এত তাড়াতাড়ি এত ভালো হয়ে গেলেন কীভাবে? আমি তো এক দশক ধরে এখানে আছি, অথচ ইনস্টাগ্রামে কীভাবে এত ভালো করতে হয়, এখনো জানি না।
সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা যায় @gheeonsaifside নামের ফ্যান অ্যাকাউন্টে। সাইফের সেই পুরস্কারের ঘির খোঁজ রাখতেই অ্যাকাউন্টটি খোলা হয়েছিল। সেখানে বড় হাতের অক্ষরে লেখা হয়, আমরা জিতে গেছি! অবশেষে সাইফ আলি খানের দুই বছরের গৌরবশালী গোবর্ধন ঘির ভান্ডার পাওয়া গেছে! অন্য ভক্তরাও মজার মন্তব্যে পোস্টটি ভরে তোলেন। কেউ লেখেন, ঘি আর কখনো শেষ হবে না! আবার কেউ এই প্রচারের পেছনে ব্র্যান্ডের বিপণন দলের বুদ্ধির প্রশংসা করে বলেন, এমন ভাইরাল প্রচারের জন্য দলটি বড় অঙ্কের বোনাস পাওয়ার যোগ্য।
ভিডিওটি সত্যিই ঘি পাওয়ার খবর জানাতে তৈরি, নাকি এটি ব্র্যান্ডের পরিকল্পিত প্রচারণার অংশ, তা এখনো স্পষ্ট নয়। তবে একটি বিষয় নিশ্চিত, হারিয়ে যাওয়া ঘি নিয়ে সাইফ ও তার ভক্তদের এই রসিকতা আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া