
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় সম্মানজনক ‘এসপি অ্যাওয়ার্ড’ পেয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে আয়োজিত এক বিশেষ কল্যাণ সভায় তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন রাজশাহী রেঞ্জের নবনিযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মীর আশরাফ আলী, পিপিএম। এ সময় সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জ ও সলঙ্গা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ভূমিকা পালন, দীর্ঘদিনের অমীমাংসিত হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ প্রতিরোধে সক্রিয়তা এবং ইভ টিজিং ও কিশোর গ্যাং দমনে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা, সততা এবং অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে পাওয়া এ সম্মাননা তাঁর কর্মজীবনে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে, রায়গঞ্জ ও সলঙ্গা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে তাঁর ভূমিকার স্বীকৃতি হিসেবে এ পুরস্কারকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। পাশাপাশি অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।