
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত ৯৬৩ বস্তা সার জব্দ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, খাসকররা ইউনিয়নের খাসকররা বাজার এলাকায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. মাসুদ হোসেন পলাশ। এ সময় অতিরিক্ত কৃষি অফিসার সাবরিনা মুজাইন নাবিলা এবং খাসকররা পুলিশ ক্যাম্পের সদস্যরাসহ কৃষি বিভাগের অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে বাজারের পাঁচটি প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুত রাখা মোট ৯৬৩ বস্তা সার জব্দ করা হয়। জব্দ সারের হিসাব অনুযায়ী, মেসার্স সঞ্চিতা ট্রেডার্সে ৩৬৭ বস্তা, মো. হাবিবুর রহমান থেকে ২৫৩ বস্তা, মেসার্স কৃষি কল্যাণ এগ্রো থেকে ২২৯ বস্তা, মেসার্স রিয়া ট্রেডার্সে ৬৪ বস্তা ও মেসার্স শারমিন ট্রেডার্সে ৩০ বস্তা। অভিযান শেষে জব্দ এসব সার খাসকররা বাজার কমিটির জিম্মায় রাখা হয়।