কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সারাদেশে অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড এবং নৈরাজ্যসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে এর প্রতিবাদে বাঁশের লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জ জেলা শ্রমিক দল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ৪টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শ্রমিকদল নেতাকর্মীদের হাতে বাঁশের লাঠি হাতে আওয়ামী লীগ বিরোধী শ্লোগান দিতে দেখা যায়।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক গ্রুপের সভাপতি মুন্সি জাহেদ আলম। তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতিকারী নেতাকর্মীরা সারাদেশে বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ, নাশকতাসহ দেশের পরিস্থিতি অস্বাভাবিক করার অপচেষ্টা চালাচ্ছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই আমাদের এই বিক্ষোভ মিছিল।”
মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি এবং রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বিশা সেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব।
তিনি বলেন, “পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বলতে চাই, আপনি এ দেশে কখনোই ফিরতে পারবেন না। যদি দেশে ফেরেন, তাহলে আপনাকে বিচারের আওতায় আনা হবে এবং আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে।
এ সময় জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক গ্রুপের সভাপতি মুন্সি জাহেদ আলম, সাধারণ সম্পাদক মো. হাসিনুর রহমান হাসি, সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনিরুজ্জামান মনিরসহ জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







