
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় রায়গঞ্জ উপজেলার ১৩ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হচ্ছে। সরিষার আবাদ বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন খরচ কমাতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এসব উপকরণ বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোমিনুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম মাস্টার, রায়গঞ্জ পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজনসহ স্থানীয় কৃষক ও বিভিন্ন পর্যায়ের নেতারা।
কৃষি প্রণোদনার মাধ্যমে সরিষার আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে লাভবান করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।