
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে আলোচিত অটোচালক কছিমুদ্দিন হত্যা মামলার আরও এক আসামিকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জাহিদুল ইসলাম (৩৯)। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পশ্চিম পাইকড়া গ্রামের মো. জাহাঙ্গীর আলম ও পাখি খাতুনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জ থানার মামলা নম্বর-০২, তারিখ ৩ জুলাই ২০২৪। দণ্ডবিধির ৩০২/৩৯৪/৩৪ ধারায় দায়ের করা অটোচালক কছিমুদ্দিন হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্য এবং ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তার নাম উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর ৬ নভেম্বর তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, আলোচিত কছিমুদ্দিন হত্যা মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। মামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।