
রাজীব কুমার মালো ,ঝালকাঠি প্রতিনিধি:
দেশে মানসম্মত ও আন্তরিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যেতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
তিনি বলেন, আস্থার সংকটের কারণে প্রতি বছর বাংলাদেশের রোগীরা চিকিৎসার জন্য বিদেশে ৭ থেকে ৯ বিলিয়ন ডলার ব্যয় করেন। চিকিৎসাসেবার মান ও আন্তরিকতা বাড়ানো গেলে এই বিপুল অর্থ দেশেই রাখা সম্ভব।
শুক্রবার সকালে ঝালকাঠি নার্সিং কলেজের মিলনায়তনে তাকে দেওয়া সংবর্ধনা এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, রোগীরা চিকিৎসকের কাছে যাওয়ার আগেই একজন নার্সের সেবা পান। তাই নার্সদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও মানবিক আচরণ সবার আগে নিশ্চিত করতে হবে। শুধু পেশাগত শিক্ষা অর্জন করলেই হবে না, রোগীদের প্রতি দায়িত্ববোধ ও সেবার মানসিকতা গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের তৃতীয় ব্যাচের ৫০ জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
ঝালকাঠি নার্সিং কলেজের অধ্যক্ষ গীতা রানী সমদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশীর গাজী, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।