
বিনোদন ডেস্ক
কন্নড় সুপারস্টার যশ তার আসন্ন সিনেমা ‘রামায়ণ: রাইজ অব দ্য লেজেন্ড’-এ খলনায়ক রাবণের চরিত্রে অভিনয় করছেন। ভারতীয় সিনেমার ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমাটি হিন্দু পুরাণের ভয়ংকর দানব রাবণের চরিত্রে অভিনয় করেন যশ। এরই মধ্যে চারদিকে প্রশংসার বাণ বইলেও যশের ছেলে ‘রাবণ’রূপে বাবাকে কোনোমতেই মেনে নিতে পারছিল না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘কেজিএফ’ তারকা জানান, তার সাত বছরের ছেলে যথার্ব কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে, তার বাবা পর্দায় রাক্ষসরাজের ভূমিকায় অভিনয় করবে। ছেলের এই প্রতিক্রিয়া তাকে বেশ চমকে দিয়েছিল। ‘কেজিএফ’-এ রকি ভাই হিসেবে বাবাকে সুপারহিরো হিসেবে দেখার পর এবার রাবণের ভূমিকায় দেখে মন খারাপ হয়ে যায় ছেলের।
নীতেশ তিওয়ারি পরিচালিত এই মেগা প্রজেক্টে শ্রীরামের ভূমিকায় রণবীর কাপুর এবং সীতার চরিত্রে সাঁই পল্লবী অভিনয় করছেন। সিনেমাটি মুক্তির আগে টিভি উপস্থাপক সুমা কনকালার সঙ্গে কথা বলার সময় যশ জানান, ছোটবেলা থেকেই তার সন্তানরা ঠাকুরমা-দাদামশাইয়ের কাছ থেকে রামায়ণের গল্প শুনে বড় হয়েছে। তাই বাবার এই খলনায়ক রূপ জানার পর শিশু যথার্ব বেশ অবাক ও বিভ্রান্ত হয়ে পড়েছিল।
যশ বলেন, ‘একটি ছেলের কাছে তার বাবাই আসল হিরো। তাই যথার্ব যখন জানতে পারে যে যশ রাবণ হচ্ছে, তখন সে প্রশ্ন করে, “তুমি রাবণ?! তুমি কীভাবে রাবণ হতে পারো? তুমি কি রাম নও?’ ছেলের এই সহজ-সরল প্রশ্নে অভিনেতা প্রথমে উত্তর খোঁজার চেষ্টা করেন এবং তাকে অভিনয়ের বিষয়টি বোঝাতে শুরু করেন।
ছেলের বিভ্রান্তি দূর করতে যশ তাকে বাস্তব ও পর্দার পার্থক্য বুঝিয়ে বলেন, ‘আমি বাস্তব জীবনে রাম; কিন্তু সিনেমায় রাবণের চরিত্রে অভিনয় করছি।’ তবে ছেলে তাতেও শান্ত না হয়ে আবার জানতে চায়, সে সিনেমায় কাকে সমর্থন করবে। যশ তখন তাকে স্পষ্ট করে বুঝিয়ে বলেন যে, রাবণ দেখতে যতই শক্তিশালী হোক না কেন, আদর্শ হিসেবে রামকেই মানা উচিত।
পরিশেষে, ছেলের রামায়ণ সম্পর্কিত সব কৌতূহল মিটিয়ে যশ তাকে বুঝিয়েছেন যে, পর্দায় খলনায়কের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে তিনি সর্বদা একজন আদর্শ বাবা ও ভালো মানুষ হয়েই থাকবেন।
সূত্র: ফ্রি প্রেস জার্নাল