
সিরাজগঞ্জ প্রতিনিধি
নিখোঁজের তিন দিন পর সিরাজগঞ্জের যমুনা নদী থেকে সবুজ (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে সদর উপজেলার ক্রসবার-৪ এলাকায় নদীর তীরে মরদেহটি ভেসে ওঠে।
নিহত সবুজ নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর হাসাইল (ভূয়াহাট বাজার) গ্রামের খোকন আলীর ছেলে। তিনি বালুবাহী বলগেটের চালক ছিলেন।
নিহতের বাবা মো. খোকন আলী জানান, গত বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে যমুনা নদীতে বালুবাহী বলগেটে অবস্থানকালে বৈরী আবহাওয়ার কারণে হঠাৎ ঝোড়ো বাতাস শুরু হয়। এ সময় সবুজ নদীতে পড়ে নিখোঁজ হন। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
নিখোঁজের তিন দিন পর শুক্রবার দুপুর ২টার দিকে ক্রসবার-৪ এলাকায় যমুনা নদীতে মরদেহটি ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন মরদেহটি নদীর তীরের কাছে নিয়ে আসেন। খবর পেয়ে সেখানে গিয়ে বাবা খোকন আলী মরদেহটি তাঁর ছেলে সবুজের বলে শনাক্ত করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, এ বিষয়ে তাঁরা আগে অবগত ছিলেন না। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।