
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবার চিহ্নিত করতে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উপজেলার ঈশ্বরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড, উচাখিলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ও বড়হিত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হয়েছে। এতে তিনজন সুপারভাইজার ও ১২ জন তথ্য সংগ্রহকারীসহ মোট ১৫ জন কাজ করছেন।
তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন। সুপারভাইজাররা মাঠপর্যায়ে কার্যক্রম তদারকি করছেন।
সংশ্লিষ্টদের মতে, সঠিক তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগী নির্বাচন এবং স্বচ্ছতা নিশ্চিত করা এ কার্যক্রমের মূল লক্ষ্য। স্থানীয়দের প্রত্যাশা, নিরপেক্ষভাবে উপকারভোগী নির্বাচন করা হলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলো উপকৃত হবে।