
শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা ক্রিয়েটিভ শপিং ফেস্ট পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। রবিবার (২৫ অক্টোবর) তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংসদ সদস্য স্থানীয় তরুণ উদ্যোক্তাদের সৃজনশীল স্টল ও শপগুলো ঘুরে দেখেন এবং তাঁদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি তরুণদের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাঁদের ব্যবসায়িক ভাবনা ও অগ্রগতির প্রশংসা করেন। তরুণদের উদ্দেশ্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, “তরুণ উদ্যোক্তারাই দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি। তাঁদের সৃজনশীলতা, পরিশ্রম ও নতুন নতুন উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করে তুলবে।” তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার তরুণদের স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নানা পদক্ষেপ নিচ্ছে। চুয়াডাঙ্গার তরুণদের এই উদ্যোগ জেলা ছাড়িয়ে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে তিনি মেলায় অংশ নেওয়া সকল তরুণ উদ্যোক্তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা সরকারি কলেজের মুক্তমঞ্চে গত ২১ অক্টোবর থেকে শুরু হওয়া ৪ দিনব্যাপী এই ‘ক্রিয়েটিভ শপিং ফেস্ট’ আজ সমাপনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। মেলায় স্থানীয় উদ্যোক্তাদের তৈরি পোশাক, হস্তশিল্প ও বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্যের সমাহার ঘটে, যা ক্রেতা ও দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।