
আব্দুল্লাহ আল নোমান,আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বরিশাল–কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার বান্দ্রা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে আমতলী ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর আহত ৪–৫ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে চালকের পরিবর্তে বাসটির হেলপার গাড়ি চালাচ্ছিলেন বলে জানতে পেরেছে ফায়ার সার্ভিস। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যাত্রী নিয়ে বুধবার রাতে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসে ইমরান পরিবহনের বাসটি। বৃহস্পতিবার সকালে বাসটি আমতলী উপজেলার বান্দ্রা বাজার এলাকায় পৌঁছানোর আগের একটি স্টপেজে চালক নেমে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরপর বাসটি চালাচ্ছিলেন হেলপার। একপর্যায়ে মহাসড়কের একটি বাঁক ঘুরতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।এতে বাসটির বিভিন্ন অংশ দুমড়েমুচড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহযোগিতায় তাঁরা বাসের ভেতরে আটকে পড়া ও আহত যাত্রীদের উদ্ধার করেন। পরে আহতদের অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় পরিবহনের মাধ্যমে আমতলী ও কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গুরুতর আহত কয়েকজনের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আমতলী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মাহবুবুর আলম বলেন, সকালে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। তাঁদের আমতলী ও কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, বান্দ্রা বাজার এলাকায় পৌঁছানোর আগের একটি স্টপেজে বাসটির চালক নেমে যান। এরপর হেলপার বাসটি চালাচ্ছিলেন। সড়কের একটি বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইয়াকুব হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।বাসটির চালক ও হেলপার ঘটনাস্থলে না থাকায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।