
মো. কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ার টাকা উত্তোলনকে কেন্দ্র করে এক কাঠমিস্ত্রীকে অপহরণের অভিযোগে ইঞ্জিনিয়ার রেজোয়ানুর রহমান হাসিব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহসভাপতি বলে জানা গেছে।
বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার দেওয়ানের খামার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানের খামার এলাকার এক কাঠমিস্ত্রীর নামে নিবন্ধিত সিম ব্যবহার করে অনলাইনে জুয়ার টাকা উত্তোলনের চেষ্টা করেন কয়েকজন যুবক। এ নিয়ে ওই কাঠমিস্ত্রীর সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই কাঠমিস্ত্রীকে উদ্ধার করে নিরাপদে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় কথিত চক্রের দলনেতা হিসেবে অভিযুক্ত রেজোয়ানুর রহমান হাসিবকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হাসিবের মুঠোফোনে অনলাইন জুয়াসংক্রান্ত একাধিক অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইট ব্যবহারের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া পর্নোগ্রাফিক কনটেন্টের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য এবং ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম বাইন্যান্স অ্যাপ ও লেনদেনের তথ্য পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।