
মোঃ আজিজুল হাকিম,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে আধুনিক মা ও শিশু স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আজেদা মা ও শিশু হাসপাতাল’। “নিরাপদ মাতৃত্ব, সুস্থ শিশু—আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে সরকার অনুমোদিত এই চিকিৎসাকেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় পার্বতীপুর উপজেলার রংপুর-পার্বতীপুর সড়কের হুগলীপাড়া এলাকায় এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে হাসপাতালটির শুভ উদ্বোধন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত এবং অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ. জেড. এম. রেজওয়ানুল হক। আজেদা মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান তাহসিন আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজওয়ানুল হক বলেন, “সুস্থ ও সাবলীল জাতি গঠনে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার বিকল্প নেই। সরকার দেশের সর্বস্তরের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি খাতে এমন আধুনিক হাসপাতাল নির্মাণ সত্যিই প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, “পার্বতীপুর ও আশপাশের এলাকার মানুষকে চিকিৎসার জন্য আর দূরে ছুটতে হবে না। এই হাসপাতালটি অবহেলিত ও নিম্নআয়ের মা-শিশুদের চিকিৎসায় আলোর দিশারী হবে বলে আমার বিশ্বাস। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে, এটি যেন কেবল বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে নয়, মানবিক সেবার মনোভাব নিয়ে পরিচালিত হয়—যাতে অর্থের অভাবে কোনো দরিদ্র রোগী চিকিৎসা থেকে বঞ্চিত না হন।”
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. কামরুন নাহার কল্পনার স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলাম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডা. মোঃ মোফাক্ষারুল ইসলাম, সাবেক পৌর মেয়র এ. জেড. এম. মেনহাজুল ইসলাম, সাবেক অধ্যাপক ফয়েজুর রহমান, খোলাহাটি নার্সিং কলেজের পরিচালক আবদুর রাজ্জাক প্রামাণিক এবং হাসপাতালের পাবলিক রিলেশন ও মার্কেটিং অফিসার আমজাদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইনী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. তানজিম চৌধুরী জলি, ডা. মোঃ ওমর ফারুক সরকার, ডা. রনো মৌ তৃষা বকশী ও ডা. জাহানারা; শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুব মোর্শেদ (মিম); মেডিসিন, হৃদরোগ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. আবু আহমেদ ইস্তিয়াক; মেডিকেল অফিসার (শিশু) ডা. মাহামুদুল হাসান মারুফ এবং জুনিয়র মেডিকেল অফিসার ডা. তাসাদ্দিক ইসমাম (জিম)।
ফিরোজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, সাংবাদিক ও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুভ উদ্বোধন উপলক্ষে আজ আগত রোগীদের জন্য র্যান্ডম ব্লাড সুগার (RBS), সিরাম ক্রিয়েটিনিন (কিডনি পরীক্ষা), সিরাম বিলিরুবিন (জন্ডিস পরীক্ষা) এবং রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন জরুরি ল্যাবরেটরি পরীক্ষার বিশেষ সুব্যবস্থা রাখা হয়েছে। ভবিষ্যতে হাসপাতালটিতে আরও আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তি ও ২৪ ঘণ্টা জরুরি মা-শিশু সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।