1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

খোলার কত দিন পর চোখের ড্রপ ফেলে দিতে হবে?

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

 

 

 

স্বাস্থ্য ডেস্ক।

 

 

 

চোখের বিভিন্ন রোগের চিকিৎসায় সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধগুলোর একটি হলো আই ড্রপ। বিশেষ করে গ্লুকোমার চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টি-গ্লুকোমা ড্রপ এবং চোখের সংক্রমণে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ড্রপ গুরুত্বপূর্ণ। তবে অনেকেই মনে করেন, বোতলে ওষুধ থাকা এবং মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ড্রপ ব্যবহার করা যায়। বিশেষজ্ঞরা বলছেন, এই ধারণা ঠিক নয়। বোতল খোলার পর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে ড্রপ ব্যবহার করলে চোখে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।

 

 

 

খোলার এক মাস পরই কি ফেলে দিতে হবে?

 

 

 

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে মারেঙ্গো এশিয়া হসপিটালসের চক্ষু বিশেষজ্ঞ, গ্লুকোমা সার্জন ও চক্ষু বিভাগের পরিচালক ড. শিবাল ভারতীয়ার বরাত দিয়ে বলা হয়েছে, বেশিরভাগ মাল্টি-ডোজ চোখের ড্রপ খোলার প্রায় এক মাস পর ফেলে দেওয়া উচিত। বোতলে ওষুধ অবশিষ্ট থাকলেও এবং ছাপানো মেয়াদ শেষ হওয়ার তারিখ আসতে দেরি থাকলেও এটি প্রযোজ্য।

 

 

প্রিজারভেটিভ-মুক্ত, একবার ব্যবহারযোগ্য ড্রপের ক্ষেত্রে সময়সীমা আরও কম। এ ধরনের ড্রপ খোলার পর সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে ফেলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

 

 

‘সোশ্যাল জেট ল্যাগ’ কেন টিনেজারদের উদ্বেগ বাড়ায়, যা বলছে গবেষণা

 

 

কেন এক মাস পর ড্রপ ব্যবহার ঝুঁকিপূর্ণ?

 

 

ড্রপের বোতল খোলার সঙ্গে সঙ্গে এর জীবাণুমুক্ত পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ড্রপারের মুখ চোখের পাতা, পাপড়ি কিংবা আঙুলের সংস্পর্শে এলে ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবাণু বোতলের ভেতরে ঢুকে যেতে পারে।

 

 

সময়ের সঙ্গে প্রিজারভেটিভের কার্যকারিতাও কমে যেতে পারে। ফলে ড্রপে জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়ে এবং ওষুধের কার্যকারিতাও কমতে পারে। দূষিত ড্রপ ব্যবহারের ফলে কনজাংটিভাইটিস বা কেরাটাইটিসের মতো চোখের সংক্রমণ হতে পারে। গুরুতর ক্ষেত্রে এসব সংক্রমণ দৃষ্টিশক্তির জন্যও হুমকি হয়ে উঠতে পারে।

 

 

মেয়াদোত্তীর্ণের তারিখ থাকলেও কেন ফেলে দিতে হবে?

 

 

বিশেষজ্ঞদের মতে, বোতলের গায়ে ছাপানো মেয়াদোত্তীর্ণের তারিখ মূলত সিল করা ও না-খোলা অবস্থায় ওষুধের স্থায়িত্ব ও জীবাণুমুক্ততার সময়সীমা নির্দেশ করে।

 

 

অর্থাৎ, বোতল খোলার পর হিসাবটি আলাদা। তাই শুধু মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে খোলা বোতল দীর্ঘদিন ব্যবহার করা নিরাপদ নয়। সাধারণ মাল্টি-ডোজ আই ড্রপের ক্ষেত্রে খোলার তারিখ থেকে প্রায় ২৮ থেকে ৩০ দিনের মধ্যে বোতলটি ফেলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

 

 

তবে সব ধরনের ড্রপের নিয়ম এক নয়। কিছু আধুনিক আই ড্রপে বিশেষ এয়ার-ফিল্টার বা জীবাণু প্রতিরোধী প্রযুক্তি থাকে। এসব পণ্যের ক্ষেত্রে প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী খোলার পর ব্যবহারের সময়সীমা ভিন্ন হতে পারে।

 

 

চোখের ড্রপ ব্যবহারে যা মনে রাখবেন

 

 

১. বোতল খোলার তারিখ বোতলের গায়ে লিখে রাখুন।

 

 

২. সাধারণ মাল্টি-ডোজ ড্রপ খোলার পর প্রায় চার সপ্তাহের মধ্যে ফেলে দিন, ওষুধ অবশিষ্ট থাকলেও।

 

 

৩. ড্রপারের মুখ চোখের পাতা, পাপড়ি বা আঙুলের সঙ্গে লাগতে দেবেন না।

 

 

৪. ড্রপ ব্যবহারের আগে ভালোভাবে হাত ধুয়ে নিন।

 

 

৫. একাধিক ধরনের ড্রপ ব্যবহার করলে সাধারণত প্রতিটির মধ্যে অন্তত পাঁচ মিনিট বিরতি রাখুন।

 

 

৬. প্রিজারভেটিভ-মুক্ত বা বিশেষ প্রযুক্তির ড্রপ হলে বোতলের গায়ে থাকা নির্দেশনা অনুসরণ করুন।

 

 

চোখের ড্রপ ব্যবহারের ক্ষেত্রে শুধু মেয়াদোত্তীর্ণের তারিখ নয়, বোতল খোলার তারিখও গুরুত্বপূর্ণ। তাই খোলার তারিখ লিখে রাখা এবং নির্ধারিত সময়ের পর ড্রপ ফেলে দেওয়া চোখের সংক্রমণের ঝুঁকি কমাতে সহায়ক। কোনো নির্দিষ্ট ড্রপ কত দিন ব্যবহার করা যাবে, তা নিয়ে সন্দেহ থাকলে চক্ষু বিশেষজ্ঞ বা ওষুধের লেবেলে দেওয়া নির্দেশনা অনুসরণ করা উচিত।

 

 

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com