
শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন তিনি।
প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ আয়োজন করা হয়। বড় পর্দায় সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠানে যুক্ত হন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সুধীজন।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার, সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী। এছাড়া শিক্ষার্থী, বিএনসিসি, বাংলাদেশ স্কাউটসের সদস্য ও পরিচ্ছন্নতাকর্মীরাও এতে অংশ নেন।
অনুষ্ঠানে, ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করাই সবচেয়ে কার্যকর উপায়। এজন্য প্রশাসনিক তৎপরতার পাশাপাশি সর্বস্তরের নাগরিকদের সচেতন হতে হবে। নিজ নিজ বসতবাড়ি, আঙিনা, ছাদবাগান ও কর্মস্থল পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার লার্ভা নির্মূলে প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তারা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পরপরই জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে চুয়াডাঙ্গাজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু করা হয়।