
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ, শারীরিক স্পর্শ ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি ওই শিক্ষক ষষ্ঠ শ্রেণির এক অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ করেছেন ওই ছাত্রীর অভিভাবক। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ছাত্রীদের সঙ্গে শিক্ষকের অনুপযুক্ত আচরণের অভিযোগও করা হয়েছে। অভিযোগকারীর দাবি, শিক্ষকের এমন আচরণ প্রতিষ্ঠানে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশের জন্য উদ্বেগজনক।
অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, ওই শিক্ষকের আচরণের কারণে একটি পরিবারকে আগের এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ ঘটনায় ছাত্রীর অভিভাবক বাজ্জুন্নয়ন তাদুরী সম্প্রতি প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, তদন্ত চলাকালে অভিযুক্ত শিক্ষককে সংশ্লিষ্ট ছাত্রীদের কাছ থেকে দূরে রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এ ছাড়া ষষ্ঠ শ্রেণিসহ প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীর মানসিক ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষার্থীদের অভিযোগ জানানোর নিরাপদ ব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে।
অভিভাবকের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রতিষ্ঠানের বিধি ও প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।