
মোঃ মোফাছসিল খান, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২০১৫ সালের ১২ মে যাত্রা শুরু করা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাককানইবিসাস) এ বছরের ১২ মে পা রাখে এক যুগে। সেই মাইলফলক ঘিরে সোমবার (১০ আগস্ট) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো প্রতিষ্ঠাবার্ষিকী। ‘ঐক্য, নিষ্ঠা ও সৃজনশীলতা’ প্রতিপাদ্যে সাজানো এই আয়োজনে ছিল আনন্দ র্যালি, বৃক্ষরোপণ, কেক কাটা, ক্যালেন্ডার-ডায়েরি উন্মোচন ও সেমিনার।
সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয় উদযাপন। এরপর ক্যাম্পাসের চত্বরে বৃক্ষরোপণ ও কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা এগিয়ে চলে। দিনের কর্মসূচির অংশ হিসেবে উন্মোচন করা হয় সমিতির নতুন বছরের ক্যালেন্ডার ও ডায়েরি।
দিনের মূল আয়োজন ছিল বিকেলে, প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সেমিনার। সমিতির সভাপতি মোছা. জান্নাতী বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
উপাচার্য বলেন, সাংবাদিকরাই বিশ্ববিদ্যালয়ের অহংকার ও অ্যাম্বাসেডর হিসেবে সারাদেশে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। বস্তুনিষ্ঠ সত্য প্রকাশের অধিকার যেমন তাদের রয়েছে, প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষার দায়িত্বও তেমনি সবার একসঙ্গে বহন করার বিষয় বলে মন্তব্য করেন তিনি। চাটুকারিতা নয়, সত্য ও বস্তুনিষ্ঠতার আদর্শ মেনে সাংবাদিকতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অর্জিত সাফল্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কাজটি করেন সাংবাদিকরাই। সততার সঙ্গে এই পেশায় কাজ করলে তা ব্যক্তি ও জাতীয় জীবনে সম্মানের আসনে অধিষ্ঠিত করবে বলেও মন্তব্য করেন তিনি।
সেমিনারে বিশেষ বক্তব্য রাখেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের হেড অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া ও সার্ক জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক শিয়াবুর রহমান শিহাব এবং আল জাজিরার সাংবাদিক মওদুদ আহমেদ সুজন। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. সাখাওয়াত হোসেন সরকার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন অনুষ্ঠানে।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে জাককানইবিসাস বিশ্ববিদ্যালয়ের নানা কার্যক্রম, শিক্ষার্থীদের সমস্যা-সম্ভাবনা ও অর্জন গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি দায়িত্বশীল ক্যাম্পাস সাংবাদিকতার চর্চা চালিয়ে আসছে।