
হাবিবুর রহমান ,ডিমলা ( নীলফামারী )প্রতিনিধি
সম্প্রতি প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফলে নীলফামারীর ডিমলা উপজেলার সম্মিলিত ছাতনাই বালাপাড়া ও খগা খড়িবাড়ি দাখিল মাদ্রাসায় চরম ফল বিপর্যয় ঘটেছে। প্রতিষ্ঠানটি থেকে মোট ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও পাস করতে সক্ষম হয়েছে মাত্র ৪ জন। শিক্ষার্থী পাসের হার দাঁড়িয়েছে ১৯.০৫ শতাংশে।
মাদ্রাসার এমন ফলাফলে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল। ২১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জনই অকৃতকার্য হওয়ায় শিক্ষার গুণগত মান এবং প্রতিষ্ঠান পরিচালনা নিয়ে নানামুখী প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পাঠদানের অভাব এবং প্রশাসনিক নজরদারির শিথিলতার কারণেই এ বছর এ ধরনের বিপর্যয় ঘটেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, “প্রতিষ্ঠানটির এমন লজ্জাজনক ফলাফলের জন্য শিক্ষক ও পরিচালনা পর্ষদের উদাসীনতাই দায়ী। দ্রুত এর সঠিক কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
এ বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে জানা গেছে, যেসব প্রতিষ্ঠানের ফলাফল আশানুরূপ হয়নি, তাদের বিষয়ে পরবর্তীতে কারণ দর্শানো ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।