
মো:সাকিব ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর হতাশা থেকে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও স্বজনরা।
সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পুরাতন উনিশবিঘী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী হালিমা খাতুন তরিকা (১৬) ওই গ্রামের তরিকুল ইসলামের মেয়ে এবং চাকপাড়া আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হালিমা জানতে পারে, সে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে। এরপর সে মানসিকভাবে ভেঙে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহরিনা ইসলাম জানান, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, এসএসসি পরীক্ষার ফলাফলে একটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।