
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর বাজারের হামিদ মার্কেটে একটি সুতা ও কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত ১০টার দিকে ‘মেসার্স ঋতু ট্রেডার্স’ নামের ওই দোকানে আগুন লাগে। এতে দোকানে থাকা প্রায় ৮০ লাখ টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক। অগ্নিকাণ্ডে দোকানের এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন।
দোকান মালিক শেখ মো. হোসাইন জানান, দোকানে বিপুল পরিমাণ সুতা, প্যালেক্স, শাড়ি ও লুঙ্গিসহ বিভিন্ন মালামাল মজুত ছিল। রবিবার রাতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার নিবিড় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শাহজাদপুর ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার পারভেজ আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে; তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।