
পলাশ চন্দ্র সরকার,মান্দা ( নওগ) প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ চোলাইমদ তৈরি উপকরণসহ (ওয়াশ) এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলমের নেতৃত্বে উপজেলার জোতবাজার ঋষি পল্লীতে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিজয় কুমার প্রামানিক (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার বিজয় প্রামাণিক জোতবাজার ঋষি পল্লীর যোগেন্দ্রনাথ ঋষির ছেলে। অভিযানকালে পুলিশ ওই বাড়ি থেকে ২২০ লিটার চোলাইমদ তৈরি উপকরণ ওয়াশ উদ্ধার করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে যোগ বাজার ঋষি পল্লীতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী বিজয় প্রামানিককে বিপুল পরিমাণ চোলাইমদ তৈরির ওয়াশসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হবে।