
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বেশি দামে সুগন্ধি চাল বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই চাল ব্যবসায়ীকে জরিমানা করো হয়েছে।
মঙ্গলবার (৪ আগষ্ট) দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারি পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে শহরের মুন্সী মেহেরুল্লাহ রোড ও বড় বাজারে এ অভিযান চালানো হয়। দন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, মেসার্স একতা ভান্ডার ও মেসার্স মামা স্টোর।
সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সোহেল শেখ জানান, মূল্য তালিকায় ধার্য্যমূল্য থেকে সুগন্ধি চালের দাম বেশি নেওয়া, মূল্য তালিকা হালনাগাদ প্রদর্শন না করা, ক্রয় রশিদ না থাকা এবং খাদ্য বিভাগের চাল মজুদ সংক্রান্ত ফুড গ্রেইন লাইসেন্স না থাকার অভিযোগে মেসার্স একতা ভান্ডারের মালিক মহাদেব চন্দ্র দাসকে ৩০ হাজার ও বড় বাজার এলাকায় মেসার্স মামা স্টোরের মালিক মো. মঞ্জুরুল ইসলামকে ৩ হাজার টাকা মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সুগন্ধি চালের বাজারদর, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। অভিযানে ব্যাটেলিয়ন আনসার এর সদস্যবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।