
দৃশ্যপট ডেস্ক রিপোর্ট
সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলায় র্যাব-১২ এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চারজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ গাঁজা, যা তারা দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে বহন করছিল বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৩ আগস্ট) রাত ১২টা ৩০ মিনিটে অধিনায়কের নির্দেশনায় র্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল এনায়েতপুর থানার বারুপুর গ্রামের বারুপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে কাঁচা সড়কে যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— রাজশাহীর পবা উপজেলার বড়গাছি কারিগরপাড়ার মো. রবিউল ইসলাম (৪৬) ও ইদ্রিস আলী (৫০), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা গ্রামের জয়দল (৫৫) এবং সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার গোপালপুর গ্রামের মো. আসলাম ব্যাপারী (২৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।
র্যাব জানায়, উদ্ধার হওয়া ৪৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এনায়েতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।