
সিরাজগঞ্জ প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে গণপরিবহন ও সিএনজি চালিত অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য রোধে সিরাজগঞ্জে টাস্কফোর্সের এক বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমে যাত্রীদের ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায়ের সংবাদ প্রকাশের পর সোমবার (১ জুন) জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র্যাবের একটি দল এই অভিযান চালায়। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় এবং প্রতিশ্রুত সেবা নিশ্চিত না করার অপরাধে ৫ জন সিএনজি চালক এবং দুটি দূরপাল্লার পরিবহন বাসকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন বিআরটিএ (BRTA) নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় এসআই পরিবহন এবং যমুনা লাইন পরিবহন-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। একই সাথে স্পটেই ভুক্তভোগী যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয় এবং তা কার্যকর করা হয়। এছাড়া, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও প্রতিশ্রুত সেবা না দেওয়ায় ৫ জন সিএনজি চালককে আইনের আওতায় এনে জরিমানা করা হয়।
”
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান,গণমাধ্যমের সংবাদের ওপর ভিত্তি করে আমরা এই অভিযান পরিচালনা করেছি। ঈদের সুযোগ নিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
যাত্রীদের অধিকার ক্ষুণ্ন হলে এমন কঠোর ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
জনস্বার্থে পরিচালিত এই বিশেষ টাস্কফোর্সের অভিযানে সার্বিক সহযোগিতা করেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সম্পাদক কাজী সোহেল রানা। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং অভিযান সফল করতে র্যাব সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করেন। ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদকে কেন্দ্র করে গণপরিবহনে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং ভাড়ার নামে নৈরাজ্য বন্ধ করতে এই ধরনের জনস্বার্থমূলক টাস্কফোর্স অভিযান আগামী দিনগুলোতেও চলমান থাকবে।