
সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তাশফিকুর ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি ও কমিটির সদস্যরা।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরাধ দমনে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।