
এরশাদ আলী,সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় যৌথ অভিযানে চারটি চোরাই গরুসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক ও সংশ্লিষ্টরা গাড়ি ফেলে রাতের আঁধারে পালিয়ে যায়।
রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত সোয়া ৩টার দিকে সলঙ্গা থানাধীন দবিরগঞ্জ বাজার এলাকায় নাটোর থেকে ঢাকাগামী হাইওয়ে মহাসড়কে এ অভিযান চালানো হয়। জব্দ করা পিকআপটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন-১৯-৭৩৩৫। উদ্ধার করা চারটি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, সলঙ্গা থানার এসআই মিন্টু মিয়া সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে দায়িত্ব পালনকালে সন্দেহজনকভাবে একটি পিকআপ দেখতে পান। তিনি গাড়িটিকে থামার সংকেত দিলে চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে বিষয়টি বেতারযন্ত্রের মাধ্যমে সলঙ্গা থানা ও হাটিকুমরুল হাইওয়ে থানার রাত্রীকালীন টহল দলকে জানানো হয়।
এরপর পুলিশ সদস্যরা মহাসড়কে চলাচলরত যানবাহনের সহায়তায় বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পুলিশের নিয়ন্ত্রণ বুঝতে পেরে পিকআপের চালক হাইওয়ে মহাসড়ক ছেড়ে আঞ্চলিক সড়ক দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ পিকআপটির পেছনে ধাওয়া করে।
পুলিশের একাধিক টহল দল মহাসড়কে ওঠার বিভিন্ন সংযোগ সড়কে অবস্থান নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে পিকআপের চালক ও সঙ্গে থাকা ব্যক্তিরা বিষয়টি বুঝতে পারে। একপর্যায়ে সলঙ্গা থানাধীন সুইচগেট সংলগ্ন জোড়া ব্রিজের ওপর চারটি গরুসহ পিকআপটি ফেলে রেখে তারা রাতের আঁধারে পালিয়ে যায়।
এসআই মিন্টু মিয়া জানান, সন্দেহ হওয়ায় পিকআপটিকে থামার সংকেত দেওয়া হয়েছিল। কিন্তু চালক পুলিশের সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সলঙ্গা ও হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ সদস্যদের সহায়তায় ধাওয়া করে চারটি গরুসহ পিকআপটি জব্দ করা হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, রাতে চারটি গরু বোঝাই একটি পিকআপ জব্দ করা হয়েছে। গরুগুলো ও পিকআপটি আইনগত প্রক্রিয়া অনুযায়ী হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) নং-৮৬৩, তারিখ ১৬/০৮/২০২৬ করা হয়েছে।
পুলিশ জানায়, জব্দ করা গরুগুলো চোরাই কি না এবং এগুলোর প্রকৃত মালিকানা ও পিকআপটির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। পলাতক চালকসহ সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।