
সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গা থানার বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় এবারের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে মিশ্র চিত্র দেখা গেছে। কিছু প্রতিষ্ঠানে তুলনামূলক ভালো ফলাফল হলেও কয়েকটি প্রতিষ্ঠানে পাসের হার ছিল বেশ কম। আলিম পরীক্ষায় মাদ্রাসাগুলোর মধ্যে এগিয়ে রয়েছে সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসা। অন্যদিকে, কলেজগুলোর মধ্যে তুলনামূলক ভালো ফল করেছে দাদপুর জি.আর ডিগ্রি কলেজ।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৩ জন। জিপিএ-৫ পেয়েছেন দুজন। প্রতিষ্ঠানটির পাসের হার ৫৫ শতাংশ।
মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা কে.এম. আব্দুল মজিদ বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল ফলাফল আরও ভালো হবে। ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়ন ও ভালো ফলাফল ধরে রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।’
অন্যদিকে, আমশড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে কোনো পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি। আঙ্গারু পাঁচপীর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ৯ জনের মধ্যে ৪ জন, মুরাদপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ৩ জন এবং গোলকপুর সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় একজন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
কলেজ পর্যায়ে দাদপুর জি.আর ডিগ্রি কলেজ থেকে ১৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫৪ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৩২ দশমিক ৭৩ শতাংশ।
সলঙ্গা অনার্স ডিগ্রি কলেজ থেকে ৩৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৯ জন। এ প্রতিষ্ঠানে জিপিএ-৫ পেয়েছেন দুজন। পাসের হার ২১ দশমিক ৬৪ শতাংশ।
এ ছাড়া ফুলজোড় ডিগ্রি কলেজ থেকে ২৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫৭ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ২৩ দশমিক ২৭ শতাংশ। সলঙ্গা মহিলা কলেজ থেকে ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৬ জন। পাসের হার ১৬ দশমিক ৬৭ শতাংশ।
সামগ্রিক ফলাফলে সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও দাদপুর জি.আর ডিগ্রি কলেজ তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে। তবে কয়েকটি প্রতিষ্ঠানে পাসের হার কম হওয়ায় শিক্ষার মানোন্নয়ন, পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়টি সামনে এসেছে।