
জসিম মিয়া, শেরপুর প্রতিনিধি
শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী ও পোশাক বিতরণ করেন।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে চাল ও ডাল এবং পোশাক হিসেবে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের খোঁজখবর নেন।
এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খুব শিগগিরই প্রধানমন্ত্রীর তহবিল থেকে ঢেউটিন দেওয়ার আশ্বাস দেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় অন্যান্যদের মাঝে স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন ৷
উল্লেখ্য , গত ১৭ সেপ্টেম্বর আনুমানিক সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারবাড়ি এলাকায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
এতে চারটি পরিবারের বসতঘর ও ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।