
দৃশ্যপট ডেস্ক
সিরাজগঞ্জ সদর থানার সয়দাবাদ এলাকায় র্যাব-১২ এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১৮ বোতল ফেয়ারডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জের দিকনির্দেশনায় গত (২৪ ফেব্রুয়ারি ) রাত ৯টা ৪৫ মিনিটে র্যাব-১২ এর ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ সদর থানাধীন সয়দাবাদ মোড় সংলগ্ন সিয়াম হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাদক পরিবহনের সময় ১১৮ বোতল ফেয়ারডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— মোঃ মনির হোসেন (২৫), পিতা: মোঃ আবু সাঈদ, সাং- উত্তর শহরা বাড়ী, থানা- ধুনট, জেলা- বগুড়া।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে অবৈধ নেশাজাতীয় মাদক ফেয়ারডিল সংগ্রহ করে মোটরসাইকেলের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন উসমান গণি, সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, র্যাব-১২ সদর কোম্পানি, সিরাজগঞ্জ।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।