
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকের পরিবারের ওপর হামলা, মারপিট ও হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয় চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য ও সাংবাদিক আয়ুব আলী লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পল্লী চিকিৎসক আব্দুস সাত্তারের স্ত্রী সুইটি খাতুনের সঙ্গে স্থানীয়দের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি এলাকায় নিজের আধিপত্য বজায় রাখতে বিভিন্নভাবে প্রতিবেশীদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, গ্রামের পায়ে হাঁটার রাস্তায় গরুর ঘাস খাওয়া ও গোবর রাখাকে কেন্দ্র করে সুইটি খাতুন প্রায়ই প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়েন এবং গালিগালাজ ও হুমকি-ধমকি দিয়ে তাদের কোনঠাসা করার চেষ্টা করেন।
এরই ধারাবাহিকতায় গত ২২ আগস্ট রাস্তার পাশে গোবর রাখাকে কেন্দ্র করে আঃ রাজ্জাক ও তার স্ত্রী রনজনা খাতুনের সঙ্গে সুইটি খাতুনের কথা-কাটাকাটি হয়। পরদিন ২৩ আগস্ট আব্দুস সাত্তার, তার স্ত্রী সুইটি খাতুনসহ কয়েকজন রাজ্জাকের বাড়িতে গিয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়।
এ সময় বাড়িতে আঃ রাজ্জাককে না পেয়ে তার বোন বিধবা জায়েদা খাতুনকে সামনে পেয়ে সুইটি খাতুন লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। এতে জায়েদা খাতুন ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ ঘটনায় জায়েদা খাতুনের বড় ছেলে মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আয়ুব আলী আরও অভিযোগ করেন, হামলা ও মারপিটের পর ভুক্তভোগী পরিবারের সদস্যদের হয়রানি করতে প্রতিপক্ষের লোকজন নিজেরাই মাথায় আঘাতের ঘটনা সাজিয়ে মামলা দায়েরের পাঁয়তারা করছেন। তিনি দাবি করেন, বিভিন্ন হাসপাতালে গিয়ে ভর্তি হওয়ার নাটক সাজিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের চেষ্টা করা হচ্ছে।
এ ধরনের কর্মকাণ্ডের কারণে ভুক্তভোগী পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের পাঁয়তারা বন্ধ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সুইটি খাতুন ও তার পরিবারের সদস্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।