
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মো. নাছার আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চান্দাইকোনা বাজারে একটি ওয়াজ মাহফিলে যোগ দিতে যাওয়ার পথেই প্রাণ হারান তিনি।
নিহত নাছার আলী রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের আবুদিয়া এলাকার মুন্সিবাড়ির বাসিন্দা। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়ি থেকে চান্দাইকোনা বাজারে একটি ওয়াজ মাহফিলে যোগ দিতে বের হন নাছার আলী। পথে চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়ক পার হয়ে পূর্ব পাশে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহরের দিকে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মহাসড়কের আন্ডারপাস ও পারাপারের স্থানগুলোতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “সড়ক দুর্ঘটনায় আহত এক মুরব্বির মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে থানা পুলিশ তদন্ত করছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটির চালক ও যানবাহনটির বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।