
মোঃ আজিজুল হাকিম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি থেকে আবারও কয়লা উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে। খনির ভূগর্ভস্থ নতুন ‘১৪০৫ নম্বর ফেইজ’ থেকে গত বৃহস্পতিবার ভোর থেকে পরীক্ষামূলক উত্তোলন শেষে শুক্রবার সকাল থেকে পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরু হয়। দীর্ঘ বিরতির পর খনি সচল হওয়ায় খনি কর্মী ও শ্রমিকদের মাঝে ফির এসেছে নতুন কর্মচাঞ্চল্য।
খনি সূত্রে জানা যায়, ভূগর্ভের ১৩০৯ নম্বর পুরোনো ফেইজের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১২ আগস্ট থেকে খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ ঘোষণা করা হয়। ওই ফেইজটি থেকে সর্বমোট ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা পাওয়া গিয়েছিল। পরবর্তীতে নিয়মানুযায়ী দীর্ঘ দুই মাস ধরে পুরোনো ফেইজ থেকে মূল্যবান যন্ত্রপাতি নতুন ফেইজে স্থানান্তরসহ বিভিন্ন কারিগরি ও অবকাঠামোগত প্রস্তুতি কাজ সম্পন্ন করা হয়।
প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে পরীক্ষা-নিরীক্ষামূলকভাবে ২১৫ মেট্রিক টন কয়লা তোলা হয়। এরপর শুক্রবার সকাল থেকে পুরোদমে বাণিজ্যিক উত্তোলন শুরু করা সম্ভব হয়েছে।
বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বৃহস্পতিবার ভোর থেকে ভূগর্ভের নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে প্রাথমিক উত্তোলন শুরু হয়ে এখন তা পুরোদমে চলছে। নতুন এই ফেইজ থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।”
তিনি আরও জানান, উৎপাদন বন্ধের দিনগুলোতেও পার্শ্ববর্তী তাপবিদ্যুৎ কেন্দ্রের চাহিদা মেটাতে খনিতে পর্যাপ্ত কয়লা মজুত ছিল। বর্তমানে খনির ইয়ার্ডে প্রায় ৬ লাখ মেট্রিক টন কয়লা মজুত রয়েছে।
নতুন ফেইজ চালু হওয়ায় খনির সার্বিক উৎপাদনে গতি সঞ্চার হবে এবং পার্শ্ববর্তী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সরবরাহ আরও সুসংহত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।