
দৃশ্যপট ডেস্ক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার উপজেলা সদর–আটঘরিয়া সড়কের নলছিয়া এলাকায় দুটি কালভার্টের রেলিং দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন এই গুরুত্বপূর্ণ সড়কে প্রতিদিন শত শত যানবাহন ও মানুষ চলাচল করলেও ঝুঁকিপূর্ণ কালভার্ট দুটি এখন এলাকাবাসীর জন্য একপ্রকার মরণফাঁদে পরিণত হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কালভার্ট দুটির উভয় পাশের রেলিংয়ের বড় অংশ ধসে পড়েছে। বিশেষ করে রাতের অন্ধকার, বৃষ্টির সময় কিংবা কুয়াশাচ্ছন্ন পরিবেশে চলাচল করতে গিয়ে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হচ্ছে।
পথচারী আব্দুর রহিম বলেন, “রেলিং না থাকায় রাতে রিকশা বা ভ্যান নিয়ে চলাচল করতে ভয় লাগে। সামান্য অসতর্ক হলেই নিচে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।”
কলেজছাত্রী রোকসানা জানান, “মোড় ঘুরে কালভার্টে উঠার সময় মনে হয় যেন নিচে পড়ে যাচ্ছি।”
অটোভ্যান চালক আব্দুস সালাম বলেন, “বৃষ্টি বা কুয়াশার দিনে বিপরীত দিক থেকে বড় যানবাহন এলে পাশ কাটানো কঠিন হয়ে পড়ে।”
এলাকার বাসিন্দা মোবারক হোসেন অভিযোগ করেন, উপজেলা সদর থেকে নলছিয়া পর্যন্ত সড়কের সংস্কার কাজ করা হলেও কালভার্টের রেলিংমেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
ভ্যানচালকদের ভাষ্য, সামান্য নিয়ন্ত্রণ হারালেই বড় গর্তে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।
সরেজমিনে দেখা যায়, কালভার্ট দুটির সিমেন্টের রেলিং ও পিলারের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে রড বের হয়ে আছে। কোথাও কোথাও পিলারের রডও অনুপস্থিত। এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, পণ্যবাহী ট্রাকসহ শতশত মানুষ চলাচল করে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী রবিউল আলম বলেন, “কালভার্ট দুটির রেলিং ভেঙে যাওয়ার বিষয়টি আমরা অবগত। এতে জনগণের দুর্ভোগ বাড়ছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে রেলিং মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।”